সন্ত্রাসীদের ছোড়া গুলিতে রাজধানীর খিলগাঁওয়ে সাইফুল নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন। এ ঘটনায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁও ও সবুজবাগ এলাকার মাঝামাঝি চায়না পার্ক নামে একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে সাইফুল যুবলীগের কোনো কমিটির পদে আছেন কি-না সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সবুজবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাশেদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খিলগাঁও রেলগেট থেকে সবুজবাগের দিকে যেতে চায়না পার্ক নামে একটি ভবনের সামনে সাইফুল সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সাইফুল যুবলীগ নেতা। তবে তিনি যুবলীগের কোনো পদে আছেন কি-না সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
সাইফুলের নামে থানায় খুনের মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবুজবাগ থানার একটি টিম ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।